সিলেটের গোলাপগঞ্জে রাহিদ হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা নিয়ে নানা গুঞ্জন উঠলেও পরিবারে দাবি রহস্যজনক মৃত্যু।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমুড়া ইউপির উত্তর ধারাবহর গ্রামে এ ঘটনা ঘটে।
রাহিদ একই গ্রামের মৃত সোবহান উদ্দিন বাহারের ছেলে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা রাহিদকে বাড়ির পাশে পুকুর পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ দিকে নিহতের পরিবারের দাবি রাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে স্থানীয় অনেকেই আত্মহত্যা বলে দাবি করছেন। রাহিদের মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে এখন এলাকায় নানা গুঞ্জন চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে রাহিদ আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গোলাপগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর ফয়জুল করিম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে।



