কুমিল্লার দেবিদ্বারে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে দেবিদ্বার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দেবিদ্বার উপজেলা পরিষদ ভবনের সামনে আধাবেলা কর্মবিরতি পালন করেন তারা।
জানা গেছে, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী এই অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করবেন তারা।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাওলা, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কার্যসহকারী মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ রেজাউল করীম ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাওলা বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগ পূরণ এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদফতরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সুশৃঙ্খল আন্দোলন করে আসছি।’
তিনি আরো বলেন, ‘আমরা এ দাবিতে দীর্ঘ দিন ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। এসব দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ইচ্ছা প্রকাশ করলেও তা এখনো কার্যকর হচ্ছে না। এই প্রেক্ষাপটে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে সারাদেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিবেন।’



