সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে তার নিজ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও ব্যানার-ফেস্টুন নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্বজনরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন- বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ, স্থানীয় আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, এখতিয়ার হোসেন, আশিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সাবেক চৌকস পুলিশ অফিসার বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে মানববন্ধকারীরা দ্রুত তার মুক্তি দাবি করেন। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠনের দাবি জানান তারা।
উল্লেখ্য, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে।