দীর্ঘ ছয় বছর পর ভোলা জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব আলম মান্নান।
শ্রমিক লীগের সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০২৩ সালের শেষে নির্বাচন হবে। এখন থেকে আপনারা ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার চান। তিনি কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার দেখে যেতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: শাহে আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে মো: হারুন হাওলাদারকে সভাপতি ও মো: ফারুককে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী তিন বছরের জন্য জেলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়।