নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নারায়ণগঞ্জের তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা।
বুধবার দুপুরে নগরীর চাষাঢ়ায় তিতাস গ্যাস কার্যালয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন ডিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মো: আনিসুর রহমানের হাতে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেন স্থানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা ও সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, ডি এন রোড, বৃহত্তর আমলাপাড়া এলাকাবাসী দীর্ঘ দিন ধরে গৃহস্থলি কাজে গ্যাসের অভাবে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্যাসের অভাবে ওয়ার্ডবাসীর স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। সময় মতো রান্না করতে না পারায় ওয়ার্ডের নারী ও শিশুরা বিশেষভাবে কষ্ট ভোগ করছে। নারীদের রাত জেগে এবং সকালের খাবার দুপুরে ও দুপুরের খাবার বিকেল পর্যন্ত রান্না করতে হচ্ছে। অনেক সময় তাও সম্ভব হয় না। ফলে শিশু কিশোররা খাবার সঙ্কটে পড়ছে।
এমতাবস্থায় জরুরি ভিত্তিতে ১৩ নম্বর ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য তারা অনুরোধ জানান।
স্থানীয় কাউন্সিলর খোরশেদ জানান, ‘হয় আমাদের গ্যাস দিন, নয় গ্যাসবিল মওকুফ করুন। অন্তত দিনে বা রাতে সময় নির্ধারণ করে দু’ঘণ্টা গ্যাস দিন।’
নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন ডিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মো: আনিসুর রহমান বলেন, সরবরাহ কম থাকায় একটু সমস্যা হচ্ছে। স্মারকলিপি পাওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হবে।



