রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা ও কালুখালিতে পৃথক দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, দুপুর ১২টার দিকে পাংশার গোপালপুরে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সমশের আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সমশের নতুন মোটরসাইকেলযোগে খোকসায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তিনি পাংশার বহালাডাঙ্গা গ্রামের মোতালেব আলীর ছেলে।

অপরদিকে দুপুর ১টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি মোটরসাইকেলকে ঢাকাগামী একটি পরিবহন চাপা দেয়। এ সময় কুষ্টিয়া সদর থানা বালিয়া পাড়া গ্রামের ওমর আলীর ছেলে হাসান আলী নামে একজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।