কিশোরগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে চাকু মেরে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গোরস্থান মসজিদ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম চংশোলাকিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
পাশের বাদেশোলাকিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রাজন (২২) তাকে প্রকাশ্যে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে বলে জানিয়েছে নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ।
ঘটনার পর পরই এলাকাবাসী রাজনকে ঘিরে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে (রাজনকে) আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনের বাড়ি পাশের বাদে শোলাকিয়া গ্রামে হলেও চংশোলাকিয়া গ্রামে তার নানা দ্বীন ইসলাম ফকিরের বাড়িতে তিনি বসবাস করতেন।
একসময় শফিকুল ও রাজন একসাথে চলাফেরা করতেন। ঘটনাচক্রে দুজনের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল।
জানা জায়, দুপুর ২টার দিকে শফিকুল বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গেলে সেখানে রাজন তাকে দেখতে পেয়ে তার সাথে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে রাজন তার সাথে নিয়ে যাওয়া চাকু দিয়ে শফিকুলের পেটে ও গলায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রাজনকে আটক করা হয়েছে। নিহত শফিকুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ব্যাপারে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



