শরীয়তপুরে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার দুপুর দেড়টায় রির্টানিং কর্মকর্তা ও শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের কাছে তার মনোনয়নপত্রটি দাখিল করেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর্জা হযরত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, জেলায় যারা মনোনয়নপত্র কিনেছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই যোগ্য। তবে এর মধ্য থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সবাই তাকে নিয়ে আগামী দিনে নির্বাচন জয়লাভ করব।

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, দীর্ঘ দিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি বিশ্বাস করি, যেভাবে দলীয় কর্মীদের পাশে থেকেছি, আজ এই নির্বাচনে দলীয় কর্মীরা ঠিক তেমনি আমার পাশে থেকে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবে ইনশা আল্লাহ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচন ২০২২-এর তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষদিন ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।