বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নওগাঁয় বুধবার সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ বাস বন্ধের ডাক দেয়। দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান আনতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টায় নওগাঁ বাস টার্মিনালের ভেতরে যাত্রী তোলা নিয়ে বাস ও অটোরিকশা এবং ইজিবাইক শ্রমিকের মধ্যে বাগি¦তণ্ডা হয়। এ সময় অটোরিকশা ও ইজিবাইকের কয়েকজন শ্রমিক, বাস শ্রমিকদের মারধর করে। এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন মালিক গ্রুপ বৈঠক করে জড়িতদের গ্রেফতারের দাবি জানায়। সেই সাথে বুধবার সকাল ৬টা থেকে জেলা অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান বলেন, বাস শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফা কালিমী বাবুল বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে পুলিশ প্রশাসনের আলোচনা চলছে। সমাধান হলে বাস চলাচল শুরু হবে।
নওগাঁ ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোচার্জার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল বলেন, মঙ্গলবার বিকেলের বিষয়টি নিয়ে বাস বন্ধ রাখা ও যাত্রীদের কষ্ট দেয়া উচিত নয়। প্রশাসনের সাথে উভয় পক্ষের আলোচনা চলছে। আশা করছি শিগগিরই বাস চলাচল শুরু হবে।