বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে আইনি নোটিশ দিয়েছেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ অলিউল্লাহ অলি।
অলিউল্লাহ অলির আইনজীবী আশরাফুল আলম জানান, গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মাকসুদুর রহমান ফোরকান বক্তব্য দেয়ার সময় বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে বিভিন্ন অপমানজনক মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য যে তিনজনের নাম প্রস্তাব করা হয় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ ছাড়া নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেয়ার জন্য তাদের এনেও টাকা দিতে হয়েছে।