ভারত পাচারকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর কবরস্থানের পাশ থেকে প্রায় ১০ কেজি সোনা উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারী রাকিবুল ইসলামকে (৩৮) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজিবি সদস্যরা স্বর্ণের চালানসহ তাকে আটক করেন।

আটক রাকিবুল নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মো: ইশতিয়াক এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ থেকে চোরাকারবারিরা স্বর্ণের চালান নিয়ে ভারত পাচারকালে নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে বারাদী বিওপির হাবিলদার মো: জুলহাস উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে রকিবুল ইসলামকে (৩৮) একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় ভারতে পাচারের উদ্দেশে মোটরসাইকেলের ইয়ারফিল্টারের ভেতরে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক বর্তমান বাজারমূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা। উদ্ধার স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা করাসহ আটক চোরাকারবারি রকিবুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।