ঝিনাইদহে ‘আবাবা’ নামে একটি অ্যাপসের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাবিবুর রহমান ও সমাপ্তি খাতুন নামের দু’জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। চক্রটির ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে শত শত তরুণ-তরুণী।
তাবিবুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে ও সমাপ্তি খাতুন একই এলাকার ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান তার দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু করে পুলিশ।