দিনাজপুরে বজ্রপাতে লাকি আক্তার (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টিপাতের সাথে ব্যাপক বজ্রপাত হয়। এ সময় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
লাকি দিনাজপুর সদর উপজেলার সুন্দরা মংলা বাজার গ্রামের লিয়াকত আলীর মেয়ে।
আহতরা হলেন- দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী শামসুর নাহার (২৭), শমশের আলীর ছেলে শুভ (১৭), সদরের ফুলবন এলাকার বীরেনের ছেলে গণেশ (৪৫), দয়ালের মেয়ে লিজা (২৮) এবং শেখহাটি এলাকার কনক চন্দ্র মহন্তের সন্তান দরপতি মহন্ত (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতের সময় লাকি আক্তার বাড়ির অদূরে শুকনো কাপড় তুলতে গেলে তার উপর বজ্রপাত পড়ে। এলাকাবাসী দ্রুত তাকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে জেলার বেশ কিছু স্থানে আরো বজ্রপাত হয়। এতে পাঁচজন আহত হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স সাদিকা পারভীন জানান, এ দিন বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়।



