ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় আওয়ামী লীগ-বিএনপি একে অন্যের বিরুদ্ধে পাল্টা-পাল্টি মামলা করেছে।

বৃহস্পতিবার বিএনপির মিছিল ও সমাবেশে হামলার ঘটনায় রুহিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়।

রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের ভাতিজা পার্থ সারথী সেনসহ ৬৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য রুহিয়া থানাকে নির্দেশ প্রদান করে।

অন্যদিকে বুধবার রাতে জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা করেন রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দুপুরে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকেও সমাবেশের ডাক দেয়া হয়। এতে উত্তেজনা দেখা দেয়। পরে তা মারপিট ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হন। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।