চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ইমরান গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ সময় তিনি দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি জানান। ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বশক্রার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কুষ্টিয়াতে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি। বিস্তারিত জানতে ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।