ফরিদপুর সদরে কৃষক মোহাম্মদ আলী শেখ হত্যায় জড়িতদের গ্রেফতারসহ উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মাচ্চর ইউনিয়নে দয়ারামপুর গ্রামে নিহতের বাড়ির সামনে দয়ারামপুর-বাহিরদিয়াতে এ মানববন্ধন কর্মসূচি হয়। এতে নিহতের পরিবারের সদস্যসহ প্রায় সহস্রাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে স্বামীর হত্যাকারীদের বিচার দাবিতে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী তাসলিমা বেগম। এ সময় তিনি বলেন, স্বামীকে হারিয়ে তিনি বিধবা আর সন্তানেরা এতিম হয়েছেন। কিন্তু হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি।
নিহতের বড় ভাই আবদুল ওহাব বলেন, সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা হামলা চালিয়ে পরিবারের অনেককে কুপিয়ে গুরুতর আহত করে। মোহাম্মদ আলী নিরস্ত্রভাবে তাদের বুঝিয়ে শুনিয়ে নিবৃত্ত করতে গেলে তাকে পাশবিকভাবে কুপিয়ে হত্যা করা হয়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দয়ারামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম, সালমা বেগম প্রমুখ। পরে তারা ওই এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট জমিতে ধান রোপণে যাওয়ার পথে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কৃষক মোহাম্মদ আলী। গুরুতর জখম হন তার পরিবারের আরো পাঁচ সদস্য। এ ঘটনায় প্রতিপক্ষ হারুন শেখ, জাহিদ শেখ, সাহিদ শেখ, লিয়াকত শেখসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করে নিহতের ভাতিজা আক্কাস আলী শেখ কোতয়ালী থানায় একটি মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত মাত্র একজন নারী ব্যতিত অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, জমাজমি নিয়ে গোষ্ঠীগত বিবাদের জের ধরে কৃষক মোহাম্মদ আলী শেখকে হত্যা করা হয়। এ মামলায় একজন আসামিকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে পারবো।



