ভোলার ভেদুরিয়া-বরিশালের লাহারহাট নৌ-রুটের ফেরি কৃষ্ণচূড়া থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে আমিরুল ইসলাম (২৫) নামে এক লস্কর নিখোঁজ হয়েছেন। ঘটনার পর ভোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আমিরুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। ঘাটে লোড শেষে ফেরিটি লাহারহাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। একপর্যায়ে লস্কর আমিরুল ইসলাম দেখেন ফেরির পাশ দিয়ে প্রায় মরা একটি ইলিশ মাছ পানিতে ভেসে যাচ্ছে। একপর্যায়ে তিনি মাছটি এক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিচ্ছলে পড়ে ফেরির তলায় চলে যান।