স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ ক্রাইম এত বেশি বিস্তার লাভ করেছে যে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের মেয়েরা সাইবার ক্রাইমের সাথে এমনভাবে যুক্ত হচ্ছে তারা সবসময় আতঙ্কে থাকে। সেজন্যই সাইবার ক্রাইম ইউনিট আমরা গঠন করেছি। আমরা সবকিছুই করেছি জনগণের সেবা দেয়ার জন্য। জনগণকে শান্তিতে রাখার জন্য।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাতে গাজীপুর পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জিএমপির কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান ও পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।