পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ইজিবাইক উল্টে সাবেরুল ইসলাম সাগর (১৬) নামে এক পরীক্ষার্থী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার সকালে ঢাঙ্গির হাট নিজ বাড়ি থেকে পরীক্ষা হলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সাগর উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গির হাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। তিনি কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে পরীক্ষা হলে যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত ইজিবাইকে কয়েকজন সহপাঠীর সাথে রওনা দেন সাগর। পথিমধ্যে কালীগঞ্জ মাটিয়াল পাড়া এলাকায় ইজিবাইকটি রাস্তায় বেঁধে রাখা ছাগলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সাগরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া ইজিবাইকে থাকা ১০ জন পরীক্ষার্থীর মধ্যে চারজন আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. আফিয়া ফারজানা বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর দাফনের ব্যবস্থা করা হয়েছে। আহতদের সু-চিকিৎসার সকল ব্যবস্থা করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।