ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনেন উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো: শাহীন, উপজেলা পরিষদের সভাপতি মো: হানিফ মুন্সী, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো: আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজাদ রহমান ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামরুজ্জামান আনসারী।

এতে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোরশেদ মাস্টার, আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ জসীম উদ্দিন ও আব্দুল করিম, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুহাস দাস চৌধুরী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা আনিসুর রহমান এবং উপজেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।