জয়পুরহাটে মোস্তাকিম নামে গলায় ফাঁস দেয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝি পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত মোস্তাকিম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, দুই মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়। শ্বশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কলহ করে বাবার বাড়িতে চলে যায়। এরপর গত শুক্রবার পারিবারিকভাবে উভয় পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়া মোস্তাকিমের বাড়িতে ফিরে আসে। রাতে খাওয়া-দাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত দেড়টার দিকে রিয়ার চিৎকারে শ্বশুর-শাশুড়ি ও প্রতিবেশীরা এসে দেখেন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো মোস্তাকিমের লাশ ঝুলছে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠায় এবং রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) সরোয়ার আলম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রীকে অভিভাবকের জিম্মায় দেয়া হবে।



