রাঙ্গামাটিতে প্রশাসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছে সিএনজি অটোরিকশা চালক সমিতি।
রোববার দুপুরে শহরের শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতারা।
রাঙ্গামাটিতে সিএনজি অটোরিকশা চালকদের ওপর দুর্বৃত্তের ক্রমশ হামলা বন্ধের দাবিতে সকাল থেকে পাঁচ ঘণ্টা ধর্মঘট পালন করে জেলার সিএনজি অটোরিকশা চালকরা।
রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদারের উপস্থিতিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান দুপুরে জরুরি সভা করে ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের গ্রেফতারে প্রশাসন আশ্বাস দিলে রাঙ্গামাটি শহরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে রাঙ্গামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে সিএনজি চালিত অটোরিকশায় চাদার টোকেন না থাকায় সম্পূর্ণ পুড়িয়ে দেয়া এবং শনিবার রাতে সিএনজি চালকের উপর হামলা ও সিএনজি ভাংচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন।



