টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরট গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)।
নিহতদের ভাতিজা দিলীপ মোদক নয়া দিগন্তকে বলেন, তারা দু’জনে বগুড়া আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রোববার বিকেলে তারা বাসযোগে বগুড়া থেকে আশেকপুর বাইপাসে এসে নামেন টাঙ্গাইল শহরের মসজিদ রোডে তাদের বাসায় যাওয়ার জন্য। বাস থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। স্বজনদের আবেদনে সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



