জামালপুরের দেওয়ানগঞ্জের মেধাবী শিক্ষার্থী অমিত কুমার সূত্রধর ময়মনসিংহে নিজ কক্ষে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে খড়মা জামিরাকান্দা তার নিজ বাড়িতে এনে শশ্মানে অগ্নিদাহ করা হয়।
নিহত অমিত দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা জামিরাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জিলবাংলা সুগার মিলস্ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার সূত্রধরের ছেলে।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, মৃত অমিত কুমার সূত্রধর অনার্স মার্স্টাস শেষ করেছেন। চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের ভাইভাতে অংশ নেন এবং ১৬ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহে চলে যান। সেখানে সানকিপাড়া মহল্লায় এক ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। ১৭ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত তার সাথে পরিবারের সদস্যদের মোবাইলে কথা হয়। একই দিন বিকেলে তিনি তার নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ফোন বন্ধ থাকায় এবং প্রতিবেশীদের ডাকে সাড়া না দেয়ায় জানালা দিয়ে দেখা যায় তিনি তার কক্ষে ফাঁসিতে ঝুলছেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা লোহার দরজা ভেঙ্গে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে তার লাশ এনে দাহ করা হয়। শিক্ষার্থী অমিতের মৃত্যুতে পরিবার- পরিজনসহ এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



