রাঙ্গামাটির বিলাইছড়িতে সেগুন বাগানের গাছ বিক্রি নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় ইব্রাহীম আকন (৫৫) নামে এক বাগান মালিক নিহত হয়েছেন।

রোববার দুপুরে কেংড়াছড়ির পাশের জীবতলীর কৌশল্যগোনা মৌজার নিহত ব্যক্তির সেগুন বাগানে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কেংড়াছড়িতে।

বিলাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, দুপুরে কেংড়াছড়ি ইউনিয়নের পূর্বপাড়া মসজিদের দক্ষিণ পাশে ইব্রাহিমের সেগুন বাগানের ১০০ গাছ গত এক বছর আগে মিন্টু মিয়া নামক লোকের কাছে বিক্রি করেন। তারই প্রেক্ষিতে গতকাল বাগান মালিকসহ তারা বাগানে যায় এবং মালিক বাগানের একপাশের ১০০টি সেগুন গাছ মার্কার করতে থাকে। কিন্তু ক্রেতা মিন্টু মিয়া বলে সে গাছগুলো নিবে না। সে দেখে শুনে পুরো বাগানের পছন্দমত মোটা গাছ দেখে মার্কার করে কাটবে। এই নিয়ে শুরু হয় উভয়ের বাক-বিতণ্ডা। এক পর্যায়ে মিন্টুর অপর দু’সাথীসহ তিন জন মিলে বাগান মালিক ইব্রাহিমের সাথে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয় এবং তিনজন মিলে বাগান মালিক ইব্রাহীমকে বেদম মারধর করে বাগানের নিচে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন ইব্রাহিমকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনের নাম- মিন্টু মিয়া (মন্টু) (৫৫), বাবুল (৩৫) ও অপরজন গোলাম মোস্তফা (৩৫)। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। এ বিষয়ে বিলাইছড়ি থানা পুলিশের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।