মুন্সীগঞ্জের লৌহজংয়ে সিগারেটের আগুনে স্তূপ করা সাত লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
লৌহজং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোয়ালীমান্দ্র বাজার এলাকায় বিক্রির জন্য ২০ শতাংশ জমিতে সাত লক্ষাধিক টাকার পাটখড়ি স্তূপ করে রেখেছিলেন বিক্রেতারা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ স্তূপের একটি অংশ থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জায়গাজুড়ে। এ সময় আগুনে অহিদুল গাজী, জৈনদ্দিন শেখ, রফিক ও চাঁনমিয়ার জমা করে রাখা পাটখড়ি পুড়ে যায়। এতে ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, লৌহজং ও শ্রীনগরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।



