মাগুরায় বিরল প্রজাতির একটি হনুমানসহ দেব্রত কুমার স্বর (৩০) নামে বন্যপ্রাণি পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পারনান্দুয়ালী রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে হনুমানটি উদ্ধার করা হয়।
আটক দেব্রত সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের বাসিন্দা।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরার পারনান্দুয়ালী রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে হনুমানটি উদ্ধার করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ব্যাগের ভেতর লুকিয়ে নিয়ে যাওয়ার সময় বিরল প্রজাতির এ প্রাণিটি উদ্ধার করা হয়। এ সময় পাচারের অভিযোগে গাড়ির সুপার ভাইজার দেব্রত কুমারকে আটক করা হয়েছে। তিনি সাভার থেকে হনুমানটি নিয়ে সাতক্ষীরায় রানা নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করবে বলে স্বীকার করেন। এ বিষয়ে বন্য প্রাণি সংরক্ষণ আইনে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।



