গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসের বেলুন বিস্ফোরণে কমেডি শো মিরাক্কেলের কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের চার কনস্টেবল দগ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় বেলুন সরবরাহকারী তিনজনকে আসামি করা হয়েছে।
সোমবার বিকেলে জিএমপি’র উপ-কমিশনার আলমগীর হোসেন মামলার দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় বাবুল, মানিক ও কিবরিয়া নামের তিনজনকে আসামি করা হয়। তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। তারা সকলেই ওই অনুষ্ঠানে বেলুন সরবরাহ করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
জিএমপি’র উপ-কমিশনার আলমগীর হোসেন জানান, জিএমপি’র চার বছর পূর্তি অনুষ্ঠানে গ্যাসের বেলুন বিস্ফোরণের ঘটনায় সদর থানার এসআই মোসাব্বির হোসেন বাদী শনিবার রাতে মামলাটি করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ কয়েকটি ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার বাদি ঘটনার সময় সেখানে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। মামলাটির তদন্তের কাজ চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।
মামলার অভিযোগে লেখা রয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেলুনের মধ্যে কৌশলে ক্ষতিকারক দাহ্য পদার্থ বা গ্যাস ব্যবহার করে বেলুন সরবরাহ করায় এগুলো বিস্ফোরিত হয়। এমনকি বেলুনগুলো পাশের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপিসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনী মঞ্চ থেকে মূল মঞ্চে চলে যান। কিন্তু বেলুনগুলো আকাশের দিকে না ওড়ে পুলিশ লাইনের ভেতরে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনের সড়কে গিয়ে পড়ে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে আসা মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি পুনরায় বেলুনগুলো উড়ানোর জন্য গেলে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে আবু হেনা রনিসহ সেখানে দায়িত্ব পালনরত পুলিশের কনস্টেবল মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন আবু হেনা রনি। তার শরীরের ২৫-৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
এদিকে, সোমবার দুপুরে আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে দেখতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আবু হেনা রনি জানিয়েছেন তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাদের দু’জনের মানসিক শক্তির প্রশংসা করতে হয়। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের সব ধরনের সাপোর্ট দেয়া হচ্ছে।’
গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন। প্রধান বক্তা ছিলেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। ওই অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চের পেছনে গ্যাসের বেলুন বিস্ফোরণে কলকাতার কমেডি শো মিরাক্কেলের কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের চার কনস্টেবল দগ্ধ হন। বেলুন বিস্ফোরণে ঘটনা তদন্তে শুক্রবার রাতেই জিএমপি’র উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।



