এক খেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎসংযোগ নিতে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাজ্জাদুর রহমানকে টাকা দিচ্ছেন-এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) আকমল হোসেন জানান, ডিজিএম সাজ্জাদুর রহমানকে শোকজ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। তবে কত সদস্যের কমিটি ও কতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে সেটি জানতে চাইলে তদন্তের স্বার্থে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম রানা নামে এক খেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎসংযোগ নিতে ডিজিএম সাজ্জাদুর রহমানকে টাকা দিচ্ছেন-এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আমিনুল ইসলাম রানার অভিযোগ, একটি বিদ্যুৎসংযোগ দিতে অনেক দিন ধরে ঘোরাচ্ছিলেন ওই কর্মকর্তা। পরে তিনি সংযোগ দিতে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। সেই টাকা দিতে গিয়েছিলেন। এখন কে বা কারা পেছন থেকে ভিডিও করেছে তিনি বুঝতে পারেননি। ডিজিএম ফাঁসাতে নিজের লোক দিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভিডিও করেছেন-এমন অভিযোগ অস্বীকার করে আমিনুল বলেন, ডিজিএম নিজেকে রক্ষার জন্য ঘুষ নেয়ার ভিডিও নিয়ে আবোল তাবোল বলেছেন।
তবে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাজ্জাদুর রহমান টাকা নেয়ার ভিডিওটিকে ব্লাকমেইলিং করা হয়েছে বলে দাবি করেন। রোববার দুপুরে তিনি বলেন, আমিনুল ইসলাম রানার বাবার নামে তাদের বিদ্যুৎসংযোগে ৯ লাখ তিন হাজার ৯৪৮ টাকা বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।