গাজীপুরে পথচারীদের ভয় দেখিয়ে ও মারধর করে ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়েছে পুলিশের এক কনস্টেবল ও এক শিক্ষানবিস আইনজীবী। এ সময় ছিনতাইকৃত নগদ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করে বাসন থানা পুলিশ। মহানগরীর নলজানি এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন এক রিকশাচালক।
গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইলের কালিহাতি থানার চুনুটিয়া গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে মনির হোসেন তালুকদার (২৮) ও একই জেলার দেলদুয়ার থানার গড়াসিন এলাকার রতন সরকারের ছেলে সজীব সরকার (২৭)। এদের মধ্যে গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মনির হোসেন তালুকদার প্রেষণে এনএসআইতে কর্মরত রয়েছেন এবং সজীব গাজীপুর আদালতের শিক্ষানবিস আইনজীবী। তারা গাজীপুর শহরের একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জিএমপির বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, রোববার রাত ৯টার দিকে মহানগরীর নলজানী এলাকায় চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কে এক রিকশার গতিরোধ করে মনির ও সজীব। রিকশা থামানো মাত্রই তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিকশাচালক বাচ্চু মণ্ডলের (২৮) কাছে অবৈধ জিনিস থাকার কথা বলে গ্রেফতারের ভয় দেখিয়ে চড় থাপ্পড় মেরে পকেট থেকে ৬১০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় রিকশা চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মনির ও সজীবকে আটক করে। এ ঘটনার কিছুক্ষণ আগে তারা একই কৌশলে শাহীন নামের অপর এক পথচারীর কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ওই দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে। ইতঃপূর্বে বিভিন্ন সময়ে তারা আরো ছিনতাই করেছে বলে জানিয়েছে। এ সময় তাদের দু’জনের কাছ থেকে ছিনতাইকৃত তিন হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রিকশাচালক বাচ্চু মণ্ডল বাদি হয়ে সোমবার বাসন থানায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।