সাতক্ষীরা তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপ-শহরের ইকো ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা ওই লাশ উদ্ধার করা হয়।
মৃত লিয়াকত খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত নাসির আলী মোড়লের ছেলে।
তালা থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিয়াকত মোড়ল চার দিন পূর্বে তালা থানাধীন সুজনশাহ গ্রামে তার মেয়ে মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে বের হন। দুপুর ২টার দিকে তার লাশ কপোতক্ষ নদের পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাতের পাশেই ‘চুম্বক’ নামের একটি বিষের বোতল ছিল। তিনি কোনো কারণে বিষপানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।



