নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত মুন্সি মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন শায়লা শাওন জানান, রূপগঞ্জে শিউলি আক্তার নামে এক নববধূকে হত্যার মামলায় স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

এর আগে ২০১৮ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিউলি আক্তার (১৮) নামে এক নববধূকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে তার স্বামী শামিমের বিরুদ্ধে।

নিহত শিউলি আক্তার উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার নসিমন চালক মনির হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার আট দিন আগে উপজেলার পাঁচাইখা এলাকার মনির হোসেনের ছেলে শামিমের সাথে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করে শিউলির পরিবার। এছাড়া যৌতুক হিসেবে আধা ভরি স্বর্ণও দেয়া হয়। যৌতুকের বাকি টাকা না পেয়ে স্বামী শামীম সকালে নিজ বাড়িতে প্রকাশ্যে শিউলিকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করে নিহতের পরিবার।