কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শক্রতার জেরে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যায় পাঁচ সহোদরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জানা যায়, হত্যার দায়ে পাঁচ সহোদরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একইসাথে মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা (৬১), জানবার আলী (৬৬), আব্দুল মান্নান মণ্ডল (৫৬), আব্দুল হান্নান (৫০) ও আলাউদ্দিন (৫৩)। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ মার্চ রাতে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আসামিরা উপজেলার সালিমপুর মাঠের জমি থেকে গম কেটে নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে জমির মালিক ওয়াজেদ আলী তার ছেলেদের নিয়ে মাঠে গিয়ে দেখেন আসামিরা তার গম কেটে নিচ্ছে। বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ওয়াজেদ আলীর ওপর হামালা করে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বিল্লাল হোসেন দৌলতপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল হোসেন ১২ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেন।