কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশক্রতার জেরে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যায় পাঁচ সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদেরকে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সাথে মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম চার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের গোলাম মোস্তফা (৬১), জানবার আলী (৬৬), আব্দুল মান্নান মণ্ডল (৫৬), আব্দুল হান্নান (৫০) ও আলাউদ্দিন (৫৩)। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৪ মার্চ রাতে জায়গা-জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আসামিরা ওয়াজেদ আলীর জমি থেকে গম কেটে যায়। এ সময় বাধা দিলে তার ওয়াজেদ আলীর ওপর ওপর হামালা করে এবং তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদি হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন।