কুমিল্লায় ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলার মিয়াজী বাড়ির নুরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)। মঙ্গলবার রায় ঘোষণা করেন স্পেশাল জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন। দুইজনের যাবজ্জীবনের পাশাপাশি নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে মাত্র ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রীকে আসামি আবদুর রহমানের হাতে তুলে দেয়। ২০২০ সালের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর হাত পা চেপে ধরে। আবদুর রহমান তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।