ফরিদপুরের আলফাডাঙ্গার কৃষক মাফুজার শেখ (৪০) হত্যা মামলায় নয়জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
একইসাথে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাবর আলী (৭৩), মো: সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩), আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। এদের সকলের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুন ওই গ্রামে একটি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংর্ঘষে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান। এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে সরকারি কৌশলী (এপিপি) নওয়াব আলী বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন আদালত।



