ফরিদপুরের আলফাডাঙ্গার কৃষক মাফুজার শেখ (৪০) হত্যা মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। একই সাথে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো আসামিকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাবর আলী (৭৩), মো: সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩), আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। এদের সবার বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুন ওই গ্রামে একটি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মাফুজার শেখ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।