কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শ্লীতাহানি, কুপ্রস্তাব ও হত্যার হুমকি দেয়ায় থানায় অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে ছাত্রলীগ জেলা কমিটির সহ-সম্পাদক নওরীন রহমান সাংবাদিক সম্মেলনে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
বুধবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আমার জীবন বিপন্ন। শুধুমাত্র ছাত্রলীগকে ভালবেসে এবং ছাত্রলীগ করতে যেয়ে আমি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি।
তিনি জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ-এর হাত ধরে আমি রাজনীতিতে আসি। তখন চ্যালেঞ্জ-এর বাসায় বিভিন্ন কারণে আমাকে ডাকতো। তার অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার ব্যক্তিগত কিছু ছবি ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আমি সামাজিক এবং মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হই। প্রতিশোধ নিতে চ্যালেঞ্জ কিছু ছবি এডিট করে ভুয়া আইডি খুলে বাজে ভাষায় ক্যাপশন দিয়ে ফেসবুকে প্রচার করে।
তিনি আরো জানান, এ পরিস্থিতিতে উপায়ন্তর না পেয়ে আমি পুলিশের কাছে অভিযোগ দেই। কিন্তু আজ কয়েক দিন হয়ে গেলেও পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে আমি মারাত্মক ঝুঁকির মধ্যে পরিবার নিয়ে দিন যাপন করছি। অনতিবিলম্বে পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আর এর জন্য পুলিশ দায়ি থাকবে।
ছাত্রলীগ নেত্রী জানান, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসন তার বিরুদ্ধে কোনো আইনানু ব্যবস্থা গ্রহণ করেনি। আমি পুলিশ সুপারের অফিসে দেখা করতে গেলে তাকে অফিসে পাইনি। আমি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা শুধু বলেছে আমরা বিষয়টি দেখছি। বর্তমান অবস্থায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। চ্যালেঞ্জ তার গুল্ডাবাহিনী দিয়ে আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি জীবনের হুমকিতে রয়েছি।
এদিকে আজ দুপুরে পাল্টাপাল্টি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ছাত্রলীগ নেত্রীর সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চ্যালেঞ্জ।
সাংবাদিক সম্মেলনে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতে চ্যালেঞ্জ বলেন, ছাত্রলীগ একটি আদর্শে বিশ্বাস করে। ছাত্রলীগের ঐক্য বিনষ্ট করতে একটি মহলের চক্রান্তে এসব মিথ্যা ভিত্তিহীন কথা বলা হচ্ছে।



