কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে মো: সিয়াম নামের এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা হল থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মো: সিয়াম (১৭) তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিন বাক্কা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হলে তাদের সামনেই কয়েকজন লোক এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল ঘুসি ও ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। স্থানীয়রা আহত সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নেয়ার পর সিয়াম মারা যায়। মোহনপুর দাখিল মাদরাসার এক শিক্ষার্থী সিয়ামের চাচাত ভাই ওই কেন্দ্রের পরীক্ষার্থী। তাকে আনতে গিয়ে হামলার শিকার হয় সিয়াম। সে একটি মাদরাসার আলিমের (একাদশ শ্রেণি) ছাত্র।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার বলেন, তার শরীরের পেছনের কোমরের অংশে দুটি গভীর ছুরিকাঘাত ছিল। তাকে আহত অবস্থায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে সে মারা যায়।
মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনা শুনেই ওসি সাহেবকে কল দিয়েছি। তবে কারা তাকে মেরেছে এখনো বিস্তারিত জানি না। যা শুনেছি তার সাথে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।



