মুন্সীগঞ্জের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত যুবক শাওন (২০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
গত বুধবার বিকেলে মুন্সীগঞ্জের মুক্তারপুরে সংঘর্ষে মাথায় আঘাত পান শাওন। সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়।
বুধবার হাসপাতালে শাওনের বন্ধু নাহিদ খান জানিয়েছিলেন, শাওন মিশুক গাড়িচালক। তিনি বিএনপির সমাবেশে গিয়ে আহত হন। তার বাড়ি মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম মো: সোহরাব আলী।