ফরিদপুর সদরে বিরল প্রজাতির একটি সজারুকে জুটমিলের ভেতরে থেকে উদ্ধার করা হয়েছে। জুটমিলের একটি পানিশূন্য চৌবাচ্চার মধ্যে প্রাণীটিকে পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবার সকালে উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুটমিলের ভেতর থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

জুটমিলের মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান জানান, সকালে তারা মিলের একটি পানির চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখে। তবে পরে মিলের কর্মকর্তারা সেটি বনে ছেড়ে দিতে বলেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে প্রাণীটিকে আবার বনে ছেড়ে দেয়া হয়।

বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘আগে আমাদের দেশে এই ধরনের সজারু বিভিন্ন স্থানে প্রচুর দেখা যেত। তবে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে এখন বিপন্ন দশা। এটি এখন বিরল প্রজাতি হয়ে গেছে। আগের মতো দেখা যায় না।‘

তিনি আরো বলেন, ‘বড় কথা হলো প্রাকৃতিক পরিবেশে এটির টিকে থাকা। এটি যেনো পাচারকারীদের হাতে না পড়ে। যদি বনে এটি নিজস্বভাবে থাকতে পারে তাহলে ঠিক আছে। কেননা, সেখানে হয়তো এর আরো সাথী থাকতে পারে।’