দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়েনর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। প্রচণ্ড রোদে ক্লাস চললেও বৃষ্টির সময় প্রধান শিক্ষকের রুমের মেঝেতে বসে ক্লাস করতে হয়। ফলে পাঠদানের পরিবেশ অনেকাংশে বাধাপ্রাপ্ত হচ্ছে।
জানা গেছে, বানিয়াপাড়া স্কুলে পুরাতন ভবনে মাত্র তিনটি রুম। এর একটি প্রধান শিক্ষকের, অপর দুটি রুমে পর্যায়ক্রমে ১৯০ জন শিক্ষার্থীর পাঠদান চলে।
পাঠদানের জন্য নতুন ভবনের প্রয়োজনীয়তায় ২০২০ সালে দেবীগঞ্জ উপজেলায় বানিয়াপাড়াসহ মোট ১০টি স্কুলে ভবন নির্মানের জন্য টেন্ডার আহ্বান করা হয়। প্রতিটি স্কুলের ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ১২ লাখ টাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা।
বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম জানান, স্কুলের পুরাতন ভবনে মাত্র দুটি ক্লাস রুমে পাঠদান ভীষণ অসুবিধা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সামছুল আলম বলেন, উপজেলার নতুন ১০টি স্কুলের ভবন নির্মান কাজের মধ্যে চারটির কাজ অসমাপ্ত রয়েছে। এর মধ্যে শালডাঙ্গা দীঘনগ্রাম স্কুলের কাজ গ্রেড ভিম পর্যন্ত করা হয়েছে। শ্রেণিকক্ষ সঙ্কটে গত দু’বছর ধরে স্কুলগুলো পাঠদানের উপযোগী না হওয়ায় এ মাসে উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছে এবং এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো: শাকিল জানান, ‘স্কুলগুলোর কাজের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২০ সালে। আমি গত সাত মাস আগে দেবীগঞ্জে যোগদান করি। কী কারণে স্কুলগুলোর কাজের গতি নেই, তা ঠিক বলতে পারছি না।’
তবে শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ঠ স্কুল প্রধানদের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাহী প্রকৌশলীর নিকট ঠিকাদারদেরকে শোকজ করার ব্যাপারে লিখিত সুপারিশ পাঠানোর কথা জানান তিনি।



