বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চেীধুরী বলেছেন, আমরা শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবো। সেই রূপরেখা অনুযায়ী আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকি এবং উপজেলা যুবদলের সদস্য মহিউদ্দিন রাজুর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জের স্টেডিয়াম প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে জবাবদিহিমূলুক সরকার গঠন করা হবে। আন্দোলনে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে তারা তাদের ভোটের অধিকার আদায় করা ছাড়া বাড়ি ফিরে যাবে না। রাজপথে আন্দোলন করেই এ সরকারের বিদায়ঘণ্টা বাঁজানো হবে।
তিনি প্রশাসনের কাছে অবিলম্বে বরকতউল্ল্যার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আবেদের পরিচালনায় ওই সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদিন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর শীরফ মো: ইমরান সানিয়াত প্রমুখ।



