নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে নিঃসন্তান দম্পতি তাহের উদ্দীন (৮৫) ও তার স্ত্রী খোতেজান বিবিকে (৮০) কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃদ্ধ তাহের উদ্দীন। শুক্রবার দুপুরে মারা যান তিনি।

এর আগে হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সোমবার সন্ধ্যায় তাকে বাড়িতে নিয়ে আসে।

তাহের উদ্দীন উপজেলার করজগ্রাম দোগাছী পাড়া গ্রামের মৃত সুখচাঁন আলীর ছেলে।

তাহের উদ্দীনের ভাতিজা মোবারক আলী বলেন, গত মাসের ২৮ তারিখ গভীর রাতে দুর্বৃত্তের হামলার শিকার হন চাচা-চাচি। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রতিবেশীর লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আহত দম্পতিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখান থেকে বগুড়া। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজশাহীতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এরই মধ্যে গত সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর শুক্রবার দুপুরে মারা যান তাহের উদ্দীন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।