টাঙ্গাইলের মির্জাপুর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজাতে পাঠিয়ে দেয়া হয়। এর আগে শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার গোড়াই সৈয়দপুর মঈননগর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মির্জাপুরের গোড়াই সৈয়দপুর মঈননগর এলাকার আরিফ হোসেন, মো: মুনিরুজ্জামান, রুহুল আমীন খান, মো: নুরুজ্জামান ও মো: মমিনুল। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্রের নানা অভিযোগ আনা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশ কিছু বই উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান, শনিবার বিকেলে তাদের টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। আইনজীবীর মাধ্যমে তারা জামিন চান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জামায়াতের জেলা আমির আহসান হাবীব মাসুদ জানান, দলের নেতাকর্মীরা আরিফ হোসেনের বাড়িতে একটি কোরআন ক্লাসে অংশ নিয়েছিলেন। সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে তাদের গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।