নীলফামারীর সৈয়দপুরের মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের শহীদ ডা: জিকরুল হক রোডে বিএনপি দলীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল শেষে দলীয় অফিসে সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক যুবদল।
সৈয়দপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাদিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জনি ও সামসুল আলম, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, বিএনপি নেতা ওসমমান গনি, আবু সরকার, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ আহমেদ বাবলু, সহ-সভাপতি শাকিল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। এ অবস্থায় বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও বিনা উস্কানিতে বিএনপির কর্মসূচিতে গুলি, হামলা চালানো হচ্ছে।
এদিকে সমাবেশ শুরুর আগেই বিকেল থেকে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয় থেকে যুবদলসহ বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশি বাধায় বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন। গণতান্ত্রিক আন্দোলন পুলিশ দিয়ে ঠেকানো যাবে না।
সমাবেশে বক্তারা বলেন, এ আন্দোলন বিএনপির না, সাধারণ মানুষের আন্দোলন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দিলে রাজপথে আদায় করা হবে। পুলিশি নির্যাতন যত বাড়বে রাজপথে বিএনপির আন্দোলন তত বাড়বে। সময় থাকতে তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। না হলে দেশ ছেড়ে পালাতে হবে।



