চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার রেল জগন্নাথপুর গ্রামের মাঠের রেললাইনের উপর থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

স্থানীয়রা জানান, আজ ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সানারুল। এতে তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, ভোরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।