বরগুনার বামনা উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন কবিরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কলেজ পরিচালনা কমিটি। গত রোববার বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। পরিচালনা কমিটির হয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পেশ করেন কলেজের সভাপতি সৈয়দ বজলুল গাফফার জায়গাম আহসান।
সভাপতি অভিযোগ করে বলেন, কলেজের নিজস্ব আয় ছাত্রী ভর্তি ফিস, পরীক্ষার ফিস, ফরম ফিলাপের ফিস, প্রবেশপত্র ও প্রশংসাপত্র প্রদানে নির্ধারিত টাকার বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন কবির। এসব টাকা কলেজের ব্যাংক অ্যাকাউন্টে জমা না করে তিনি আত্মসাৎ করেছেন। তিনি আরো বলেন, ২০১৯ সালে আমি এই কলেজের সভাপতি মনোনীত হই। আমি সভাপতি হওয়ার পর বিগত তিন বছরে কলেজের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের সৌন্দর্য্য বৃদ্ধি, ছাত্রী নিবাস সংস্কারসহ নানা উন্নয়নমুখী কাজে ব্যক্তিগত তহবিল থেকে আট লাখ টাকারও বেশি অনুদান দেই।