পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে এক জাতীয় পার্টি (জাপা) নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। হামলায় আহত মো: শফিকুল ইসলাম (৪৩) তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।
গতকাল সকালে উপজেলার গুদিঘাটা গ্রামের ভাঙা পুল নামক স্থানে এই হামলা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শফিকুলের শরীরের বিভিন্ন স্থানেও জখম করা হয়। গুরুতর আহত শফিকুলকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, তুষখালী থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মঠবাড়িয়ায় আসার পথে তার পথরোধ করে একদল হামলাকারী।
এ সময় হামলাকারীরা শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে সেখানে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নূরুল ইসলাম বাদল জানান, একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় শফিকুলের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।