রাঙ্গামাটির কাউখালীতে সিএনজি অটোরিকশায় লরির ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লিটন চাকমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিটন উপজেলার ঘাগড়া টেক্সটাইল মিল কলোনি এলাকার সাধন প্রিয় চাকমার ছেলে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে নিহতের বাবা কাউখালী থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘাগড়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী একটি লরি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি লিটনের গায়ের ওপরে উঠে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টার দিকে মারা যায় লিটন।